আবিষ্কার

অধ্যয়ন ৭

মুক্তি: পাসওভারের প্রতিশ্রুতি

যাত্রা পুস্তক ১২:১-২৮

ধাপ ১: গল্পটি পড়ুন

নিম্নলিখিত অংশটি পড়ুন বা শুনুন

x1.0

নিস্তারপর্ব এবং খামিরবিহীন রুটির উৎসব

12:1মিশরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, 2“এই মাসটি তোমাদের জন্য প্রথম মাস, তোমাদের বছরের প্রথম মাস হবে। 3ইস্রায়েলের সমগ্র জনসাধারণকে বলো যে এই মাসের দশম দিনে প্রত্যেকটি লোককে তার পরিবারের জন্য একটি করে মেষশাবক নিতে হবে, এক-একটি পরিবারের জন্য এক-একটি মেষশাবক। 4যদি কোনও পরিবার সম্পূর্ণ একটি মেষশাবক নেওয়ার ক্ষেত্রে খুব ছোটো হয়ে যায়, তবে তারা তাদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সেখানকার জনসংখ্যার আধারে অবশ্যই যেন সেটি ভাগাভাগি করে নেয়। প্রত্যেকে যতখানি করে খাবে সেই অনুসারে মেষশাবকের পরিমাণ তোমরা নির্দিষ্ট করে দিয়ো। 5যে পশুগুলি তোমরা বাছাই করে রাখবে সেগুলি অবশ্যই যেন খুঁতবিহীন এক বছর বয়স্ক মদ্দা হয়, এবং তোমরা সেগুলি মেষ বা ছাগপাল থেকে নিতে পারো। 6মাসের সেই চতুর্দশতম দিন পর্যন্ত সেগুলির যত্ন নিয়ো, যেদিন ইস্রায়েলী জনসাধারণের অন্তর্গত সব সদস্য অবশ্যই গোধূলি লগ্নে সেগুলি বধ করবে। 7পরে খানিকটা রক্ত নিয়ে তা তাদের সেই বাড়ির দরজার চৌকাঠের দুই পাশে ও উপর দিকে লাগিয়ে দিতে হবে, যেখানে তারা সেই মেষশাবকগুলি খাবে। 8সেরাতেই আগুনে ঝলসে সেই মাংস তাদের তেতো শাক ও খামিরবিহীন রুটির সাথে খেতে হবে। 9সেই মাংস কাঁচা বা জলে সিদ্ধ করে খেয়ো না, কিন্তু তা আগুনে ঝলসে নিও—মাথা, পা ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সমেত। 10সকাল পর্যন্ত সেটির কোনো কিছুই অবশিষ্ট রেখো না; যদি কোনো কিছু সকাল পর্যন্ত অবশিষ্ট থেকে যায়, তা তোমাদের পুড়িয়ে ফেলতে হবে। 11এইভাবেই তোমাদের তা খেতে হবে: তোমরা আলখাল্লা কোমরবন্ধে গুঁজে নেবে, পায়ে চটিজুতো পরে থাকবে এবং হাতে ছড়ি ধরে রাখবে। তাড়াতাড়ি করে তা খাবে; এ হল সদাপ্রভুর নিস্তারপর্ব।

12“সেরাতেই আমি মিশরের মধ্যে দিয়ে যাব এবং মানুষ ও পশু উভয়ের প্রত্যেক প্রথমজাতকে আঘাত করব, এবং মিশরের সব দেবতাকে আমি দণ্ড দেব। আমিই সদাপ্রভু। 13তোমরা যেখানে আছ, সেই ঘরগুলির উপর সেই রক্তই তোমাদের জন্য চিহ্ন হবে, এবং আমি যখন সেই রক্ত দেখব, তখন আমি তোমাদের অতিক্রম করে যাব। আমি যখন মিশরকে আঘাত করব, তখন কোনও ধ্বংসাত্মক আঘাত তোমাদের স্পর্শ করবে না।

14“এ এমন একদিন যা তোমাদের স্মরণার্থক দিনরূপে পালন করতে হবে; আগামী বংশপরম্পরায় তোমরা এটি সদাপ্রভুর উদ্দেশে পালনীয় এক উৎসবরূপে পালন করবে—যা হবে এক দীর্ঘস্থায়ী বিধি। 15সাত দিন ধরে তোমাদের খামিরবিহীন রুটি খেতে হবে। প্রথম দিনই তোমাদের বাড়িঘর থেকে খামির বিদায় করে দেবে, কারণ যে কেউ প্রথম দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত খামিরযুক্ত কোনো কিছু খাবে, তাকে ইস্রায়েল থেকে বিচ্ছিন্ন করতে হবে। 16প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সপ্তম দিনও আরও একটি কোরো। শুধুমাত্র সবার জন্য খাবার রান্না করা ছাড়া এই দিনগুলিতে তোমরা আর কোনও কাজকর্ম কোরো না; শুধু এটুকুই করতে পারো।

17“খামিরবিহীন রুটির উৎসব পালন কোরো, কারণ ঠিক এই দিনেই আমি তোমাদের বাহিনীকে মিশর থেকে বের করে এনেছিলাম। আগামী বংশপরম্পরায় এক দীর্ঘস্থায়ী বিধিরূপে এই দিনটি পালন কোরো। 18প্রথম মাসে তোমাদের খামিরবিহীন রুটি খেতে হবে, চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা থেকে একুশতম দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত। 19সাত দিন যেন তোমাদের বাড়িঘরে কোনও খামির পাওয়া না যায়। আর বিদেশি হোক বা দেশজাত, যে কেউ এইসময় খামিরযুক্ত কোনো কিছু খাবে, তাকে ইস্রায়েলের জনসমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। 20খামির দিয়ে তৈরি কোনো কিছুই খেয়ো না। তোমরা যেখানেই বসবাস করো না কেন, তোমরা অবশ্যই খামিরবিহীন রুটি খাবে।”

21তখন মোশি ইস্রায়েলের সব প্রাচীনকে ডেকে পাঠালেন এবং তাঁদের বললেন, “এক্ষুনি যাও ও তোমাদের পরিবারগুলির জন্য পশুগুলি মনোনীত করো এবং নিস্তারপর্বীয় মেষশাবক জবাই করো। 22একগুচ্ছ এসোব নাও, গামলায় রাখা রক্তে সেটি চুবিয়ে নাও এবং সেই রক্তের কিছুটা দরজার চৌকাঠের উপর দিকে ও দুই পাশে লাগিয়ে দাও। সকাল না হওয়া পর্যন্ত তোমাদের মধ্যে কেউ দরজা দিয়ে বাইরে যাবে না। 23সদাপ্রভু যখন মিশরীয়দের আঘাত করার জন্য দেশের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন, তিনি দরজার চৌকাঠের উপর দিকে ও দুই পাশে রক্ত দেখবেন এবং দরজার সেই চৌকাঠ পার করে যাবেন, ও তিনি বিনাশকারীকে তোমাদের ঘরে ঢুকে তোমাদের আঘাত করার অনুমতি দেবেন না।

24“তোমাদের নিজেদের ও তোমাদের বংশধরদের জন্য দীর্ঘস্থায়ী এক বিধিরূপে তোমরা এই নির্দেশাবলির বাধ্য হোয়ো। 25যে দেশটি সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞানুসারে তোমাদের দেবেন, তোমরা যখন সেখানে প্রবেশ করবে, তখন সেখানেও এই অনুষ্ঠানটি তোমরা পালন কোরো। 26আর তোমাদের সন্তানেরা যখন তোমাদের জিজ্ঞাসা করবে, ‘তোমাদের কাছে এই অনুষ্ঠানটির অর্থ কী?’ 27তখন তাদের বোলো, ‘এটি সেই সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত নিস্তারপর্বীয় বলি, যিনি মিশরে ইস্রায়েলীদের বাড়িঘর অতিক্রম করে গিয়েছিলেন এবং যখন তিনি মিশরীয়দের আঘাত করেছিলেন, তখন আমাদের ঘরগুলি বাদ দিয়েছিলেন।’ ” তখন লোকেরা মাথা নত করে আরাধনা করল। 28সদাপ্রভু মোশি ও হারোণকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলীরা ঠিক তাই করল।

ধাপ ২: গল্পটি পুনরায় বলুন

কিছু সময় নিয়ে আপনার নিজের ভাষায় গল্পটি পুনরায় বলুন। আপনি এটি জোরে বলতে পারেন, অথবা লিখে রাখতে পারেন। যদি মনে হয় মনে রাখতে কষ্ট হচ্ছে, তবে আবার পড়ুন বা শুনুন।

ধাপ ৩: গল্পটি আবিষ্কার করুন

যখন আপনি মনে করেন যে আপনি গল্পটির সাথে পরিচিত, তখন কিছু সময় নিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলি নিয়ে ভাবুন বা আলোচনা করুন।


Get it on Google Play
Download on the App Store

Get Discovery Bible Studies on your phone

Discover copyright ©2015-2026 discoverapp.org

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™. সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. "Biblica" (বিবলিকা), "International Bible Society" এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।